ফাহিম মুনতাসির
যাত্রাবাড়ী, ঢাকা
বন্ধু দিবসের নাম পরিবর্তন করে ‘সর্প দিবস’ করতে জাতিসংঘের কাছে আবেদন করেছে বাংলাদেশের লোকাল ফেসবুক সেলিব্রিটিরা। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত তারা ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে এ ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছে।
আমাদের প্রতিনিধি এ নিয়ে জাতিসংঘের ভবিষ্যত্ মহাসচিব ‘চাঁদ কি মুন’-এর সঙ্গে যতবারই যোগাযোগ করার চেষ্টা করেছেন, ততবারই একজন আমেরিকান কন্যা বাংলাভাষায় মিষ্টিস্বরে বলছে, ‘আউটগোয়িং কল করার জন্য আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। অনুগ্রহ করে রিচার্জ করুন।’ কুউউত কুউউত কুউউত...
এদিকে আমাদের ঢাকা প্রতিনিধি সড়ক যোগাযোগ মন্ত্রীর কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে প্রশ্ন করায় তিনি অতিশয় বিব্রত বোধ দেশ থেকে ফেসবুক উঠিয়ে দেওয়ার ঘোষণা ফেসবুকেই পোস্ট দিয়ে জানিয়ে দিলেন।
তার সেই পোস্টটির স্ক্রিনশট দিয়ে ফেসবুকের নব্য-প্রতিষ্ঠাতা মার্ক ওয়াজেদ পোস্ট দিয়ে লিখেছেন, ‘বন্ধুরা, একে রিপোর্ট মার।’
মার্ক ওয়াজেদের সঙ্গে তাল মিলিয়ে সাবেক বিরোধী দলের মহাসচিব মির্জা বদরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দলীয় সকল নেতাকর্মীকে উক্ত মন্ত্রীকে রিপোর্ট এবং হ্যাশট্যাগ বয়কট মন্ত্রী নামে পোস্ট করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এটাও বলেছেন যে তার দল ক্ষমতায় এলে কেবলমাত্র নেপালগঞ্জ বাদে সারা দেশে ফ্রি লগ-ইনের জন্য এটিএম বুথের মতো এফবিটিএম বুথ বসানো হবে। যেখানে লগ-ইন থেকে চ্যাটিং সবই মিলবে ফ্রিতে।
এদিকে বাংলাদেশে এমন অবস্থায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় সুদূর আমেরিকায় গিয়ে দুলাল ট্রাঙ্কের কাছে বিচার দিয়েছেন ‘টিয়া সাহা’। সবশেষে দুলাল ট্রাঙ্ক বললেন, ‘টিয়া সাহার কথার আগামাথা কিছুই বুঝি নাই, শুধু এটুকু বুঝছি যে মেয়েটির হাতটা টিয়ার ঠ্যাঙের মতোই খসখসা। আমার খুবই পছন্দ হয়েছে। অতএব আমি বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেব। তার আগে চলো আমরা একটি সেলফি তুলে বন্ধু দিবসের পোস্ট দিই।’
সূত্র :ইউপিভিসি বাংলা
