তাহসিনা এনাম তৃষা
আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছাত্রজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিশ্ববিদ্যালয় জীবন। এই জীবনে সে আপনি পাবেন অনেক নতুন নতুন বন্ধু এবং অনেক ধরনের বন্ধু। তো চলুন দেখে নেওয়া যাক, ক্যাম্পাসে আপনি কী ধরনের বন্ধু পেতে পারেন
ফেসবুক বন্ধু
এই বন্ধুরা আপনার ক্যাম্পাসেরই বন্ধু। এরা সবসময় আপনার ফেসবুক স্ট্যাটাসে রিজেক্ট এবং কমেন্ট করে সর্বদা আপনার পাশে থাকবে। তবে এদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম।
ট্রিটবাজ বন্ধু
নাম শুনে ভুলেও ভাববেন না যে এরা আপনাকে ট্রিট দিয়ে উদ্ধার করবে। উপরন্তু কারণে অকারণে এদের ট্রিট দিতে দিতে আপনার পকেটের অবস্থা খারাপ হবে। যেকোনো অকেশনে এরা আপনার কাছে ট্রিট চাইবে। তা সে আপনার জন্মদিন-ই হোক কিংবা ব্রেকআপ। এমনকি বিরিয়ানি খাওয়ার আশায় এরা আপনার কুলখানির অনুষ্ঠান পর্যন্ত তাড়াতাড়ি করিয়ে দিতে ইচ্ছুক।
তেলবাজ বন্ধু
আপনি যদি একজন ভালো ছাত্র হন এবং আপনার সিজিপিএ যদি ৩.৫০-এর উপরে থাকে তাহলে অবশ্যই ক্যাম্পাসে আপনার কিছু তেলবাজ বন্ধু থাকবে। এরা সারা বছর আপনাকে বিভিন্ন উপায়ে তেল দিবে এবং বিনিময়ে বিভিন্ন পরীক্ষার আগে আপনার নোটসমূহ হস্তগত করবে।
মডেল বন্ধু
আপনি যদি একটি ভালো ক্যামেরাযুক্ত মোবাইল অথবা ডিএসএলআর এর মালিক হন তাহলে আপনার অবশ্যই কিছু মডেল বন্ধু থাকবে। এরা সর্বদাই আপনার আশপাশে বিভিন্ন রকম পোজ দিয়ে আপনাকে তাদের ছবি তুলে দেওয়ার জন্য বাধ্য করবে।
ছ্যাঁচরা বন্ধু
এই টাইপের বন্ধুগণ সর্বক্ষণ আপনার গতিবিধির ওপর লক্ষ রাখবে। এরা আপনার সুন্দর বন্ধু বা বান্ধবীকে পটানোর চেষ্টা করবে। আপনার ফেসবুকে লাইক কমেন্টকারী সুন্দর বা সুন্দরী বন্ধু বা বান্ধবীকে নিজে থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে পটানোর চেষ্টা করবে।
নেতা বন্ধু
ক্যাম্পাসে এ ধরনের বন্ধুদের প্রবল দৌরাত্ম্য লক্ষ করা যায়। এরা বিভিন্ন কৌশলে আপনাকে নিজ দলের পতাকার তলে আনার চেষ্টা করবে। এদের ফেসবুক দেয়ালে আপনি বিভিন্ন ছোট বড় নেতার সঙ্গে তোলা সেলফি আপলোড হতে দেখবেন। এই বন্ধুদের ভাব দেশের প্রধানমন্ত্রীর চেয়েও বেশি।
সাহিত্যিক বন্ধু
এদের আপনি অধিকাংশ দিন ক্যাম্পাসে পাঞ্জাবি/শাড়ি পরে আসতে দেখবেন। এরা সাহিত্যের আগামাথা বুঝুক বা না বুঝুক আপনাকে বোঝাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ।
স্মার্ট বন্ধু
এরা ক্যাম্পাসে হট লিস্টের তালিকায় থাকে। এদের স্মার্টনেস, সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তারা নিজেদের প্রয়োজনে আপনাকে দিয়ে কার্যসিদ্ধি করালেও আপনার প্রয়োজনে আপনি তাদের ভুলেও পাশে পাবেন না।
বাঁশ বন্ধু
আপনি এদের সঙ্গে সব সময় বাঁশঝাড়ের মতো মিলেমিশে থাকলেও এরা আপনাকে সময়মতো ঠিকই বাঁশ দিয়ে উদ্ধার করবে।
জাস্ট ফ্রেন্ড
ক্যাম্পাসে সাধারণত এই জাতের ফ্রেন্ডের অভাব হয় না। ক্যাম্পাসের জলে-স্থলে-জঙ্গলে আপনি যেদিকে তাকাবেন এই ধরনের বন্ধুদের উপস্থিতি টের পাবেন।
প্রাণের বন্ধু
প্রাণের বন্ধু হল আপনার সেই বন্ধুরা আপনি যাদের খাতা দেখে মিড টার্ম বা সেমিস্টার পরীক্ষায় পাস করবেন। এছাড়াও এদের অ্যাসাইনমেন্ট এর হুবহু কপি করে আপনি নিজেও জমা দেবেন। এবং গ্রুপ ওয়ার্কের সময় আপনি নিজের ভাগের কাজ নিশ্চিন্তে এদের কাঁধে অর্পণ করে নাক ডেকে সুখের ঘুম ঘুমাবেন।
