আবু সাইদ
১ম বন্ধু
দোস্ত তুমি ইদানীং আর
আমার বাসায় আসো না,
হয়তো তুমি আগের মতো
আমায় ভালোবাসো না।
২য় বন্ধু
আমি যদি তোমার সাথে
দেখা করতে যাই,
তোমার বউয়ে ক্ষেপে ওঠে
দেখছি পুরোটাই।
১ম বন্ধু
বউয়ের কথায় রাগলে হবে
বন্ধুত্বেরই হার,
বাসায় আসা ছেড়ে দিবে
তাই কি বারংবার?
২য় বন্ধু
না না বন্ধু, ছাড়ব কেন
তোমার বাড়ি যাওয়া?
তুমি বাসায় না থাকিলে
যাই খেতে যাই হাওয়া।
১ম বন্ধু
ঠিক বুঝেছি আমায় যখন
তোমার বউয়ে ডাকে,
আমার বাসায় আসো তুমি
সেই সুযোগের ফাঁকে!
শেরপুর, বগুড়া
