শচীন্দ্র নাথ গাইন
বন্ধু আমার কেমন খাঁটি অখিল বরণ ঘোষ,
নিজেরটা সে লুকিয়ে কেবল ধরে আমার দোষ।
আমার বিপদ দেখলে সে বেশ লাফায়
দেখে যা তার দ্বিগুণ নিজে ফাঁপায়
সব নিয়ে নেয় আমার কাছে যা পায়
পাওনাগুলো চাইলে রাগে দাপায়
পান থেকে চুন খসলে দেখায় কীযে দারুণ রোষ,
কাজের বেলায় ঠনঠনি তার, কথায়ও কম জোস।
আমার পকেট ইচ্ছে করেই হাতায়
না পেলে তার কাজ করেনা মাথায়
আমায় দিলে লিখে রাখে খাতায়
বাড়তি বোঝা আমার ওপর যাঁতায়
বোধকরি সে ভাবে আমায় ভারবাহী এক মোষ,
আমার কষ্টে মোটেও তার নেই কোনো আফসোস।
স্বার্থতে তার টান পড়লে করতে থাকে ফোঁস,
এমন বন্ধু রেখে রে মন বুড়ো আঙুল চোষ।
চাঁচড়া, যশোর
