ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারেক আহমেদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

তারেক দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের স্নাতক (পাস ) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, ডেঙ্গুতে আক্রান্ত কলেজছাত্র তারেক ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাজশাহী নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে এজাহার বদলের অভিযোগ

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, জেলায় এ পর্যন্ত এক হাজার একশ দুইজন ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এ হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। 

ইত্তেফাক/অনি