শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ
স্পোর্টস রিপোর্টার
পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক তার প্রথম জাতীয় দল ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত এ দলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং ব্যাটসম্যান ইফতিখার আহমেদ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন মোহাম্মদ নওয়াজ। এর সুবাদে জাতীয় ডাক পান তিনি ২০১৬ সালে। ২০১৮ সাল পর্যন্ত ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কিন্তু ২৫ বছর বয়সি এ অলরাউন্ডার কখনোই তার প্রতি প্রত্যাশাটা পূরণ করতে পারেননি। বিশেষ করে ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল খুবই খারাপ। যার ফলে গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি নওয়াজ আবার খুব ভালো ফর্মে আছেন। খাইবার পাখতুনওয়ার বিপক্ষে গত সপ্তাহেই একটা সেঞ্চুরি করে আবার নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ব্যাটসম্যান হিসেবেই তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তার বাঁহাতি স্পিনটাও পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয় হবে।
ইফতিখার এ পর্যন্ত পাকিস্তান দলের হয়ে একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে। এরপর তিনি জাতীয় দলের জন্য বিস্মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। কিন্তু ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান এ বছর এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন। এ টুর্নামেন্টে টানা তিন ম্যাচে দুটো সেঞ্চুরি ও একটি ফিফটি করে নজর কেড়েছেন নির্বাচকদের।
পাকিস্তানের এ ওয়ানডে দলে উল্লেখযোগ্য অনুপস্থিত দুই জন হলেন শাহিন আফ্রিদি ও হাসান আলী। এ দুই জন বিশ্বকাপ দলে ছিলেন। শাহিন ডেঙুতে আক্রান্ত হয়েছিলেন। এখন সেরে উঠছেন। অন্যদিকে হাসানের পিঠে ব্যথার সঙ্গে তার অফ অর্ফও বিবেচনায় ছিল। মোহাম্মদ হাফিজও অসুস্থতার কারণে মিস করেছেন দলে থাকা। আর শোয়েব মালিক এ ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২৭ সেপ্টেম্বর করাচিতে শুরু হবে। এরপর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।
