সমতা ফেরাল বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

অনূর্ধ্ব-২৩ দলের ভারত সফর

 স্পোর্টস রিপোর্টার

প্রথম ম্যাচে অল্প রান তাড়া করতে গিয়েও জয় পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল লখনৌতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা।

আগে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৩৬ ওভারে ১৪৯ রান করেছিলো। ভারতের সামনে লক্ষ্য ছিলো ২১৮ রানের। কিন্তু নির্ধারিত ৩৬ ওভারে ৭ উইকেটে ২১২ রানে আটকে যায় ভারতের ইনিংস।

বাংলাদেশ দল এদিন শুরুটা দারুণ করেছিল। স্পিনিং অলরাউন্ডার মেহেদী নিয়মিত জায়গা ছেড়ে অধিনায়ক সাইফের সঙ্গে ইনিংস শুরু করতে এসেছিলেন। দুজনে ৫২ রানের উদ্বোধনী জুটি করেন। ২৫ রান করা মেহেদীকে নিজের বলে ক্যাচ ধরে ফেরান হূত্বিক। এরপর সাইফের উইকেটও হূত্বিক পেয়েছেন। তার আগে বাংলাদেশ অধিনায়ক ৯২ বলে ৬৪ রানের ইনিংস খেলে ফিরছেন। মেহেদী ফেরার পর ফারদিন হাসান অনির সঙ্গেও ৭৫ রানের একটা জুটি করেছেন সাইফ। ফারদিন শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের ইনিংসের ৩৪.৩ ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। এরপর ৩৬ ওভারের ম্যাচ নির্ধারিত হয়।

জবাবে শুরুটা ভালো করেছিলো ভারত। বিনা উইকেটে ৭৭ রান করেছিলো তারা। দুই ওপেনার ৩৪ রান করে করেন। এরপর উইকেটরক্ষক শারথ ও অধিনায়ক প্রিয়াম গর্গ আরো ভালো একটা জুটি করেন। ৩ উইকেটে ১৭২ রান তুলে ফেলে ভারতীয়রা। কিন্তু এরপর আবু হায়দার রনি ও সুমন খানের বোলিং সামলে আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৩৬ ওভারে ১৪৯/২ (সাইফ ৬৪, ফারদিন ৪৭*, মেহেদী ২৫; হূত্বিক ২/৩৯)।

ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৩৬ ওভারে ২১২/৭ (শারথ ৫৫, প্রিয়াম ৫৩, জয়সোয়াল ৩৪, কৌশিক ৩৪; সুমন ২/৪৪, আবু হায়দার ২/৪৫, তানভির ১/৪৯)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ডিআরএল পদ্ধতিতে ৫ রানে জয়ী