স্পোর্টস ডেস্ক
সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ঘটনা। বৃষ্টিতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি ভেসে যাওয়ার পর আগেভাগেই হোটেল রুমে যাওয়ার সুযোগ পায় লঙ্কান দল। আর সেই অখণ্ড অবসরেই নাকি মদ্যপ অবস্থায় মাতলামি করে তিন ক্রিকেটার।
ভারতীয় গণমাধ্যমের কাছে লঙ্কান একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। যে তিন জনের ব্যাপারে এই অভিযোগ পাওয়া গেছে, তার মধ্যে দুই জন ব্যাটসম্যান ও একজন স্পিনার। আর প্রত্যেকেই স্কুল-কলেজের শিক্ষার্থী।
সূত্রটি জানিয়েছে, আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী ঘোষণা করেন। খেলোয়াড়েরা নির্ধারিত সময়ের আগেই হোটেলে ফিরে আসে। এরপর মদ্যপ হয়ে হোটেলের বারান্দায় বমি করে ফেলে তারা। তখনই সন্দেহে হওয়ায় তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাতে প্রত্যেকেরই মদ্যপ থাকার প্রমাণ পাওয়া যায়।
সূত্রটি আরো জানায়, শ্রীলঙ্কান স্কুল ক্রিকেটারদের সংগঠন ঐ তিন ক্রিকেটারের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। সেই শাস্তি কী, সেটা এখনো জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত যে আসন্ন বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার যুবদলে এই তিন জনের কারোরই জায়গা হবে না।
