আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্র ও ইয়াবাসহ সৈয়দ তারেকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ঐ গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাওয়ালপুর এলাকায় সৈয়দ জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, গ্রেফতারকৃত সৈয়দ তারেকুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় মামলা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।