চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরে লামিয়া নামের দুই বছর বয়সি এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলা বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু লামিয়া ঐ গ্রামের কৃষক মোতালেব হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটি সবেমাত্র হাঁটতে শিখে এক দুই পা করে হেঁটে সবার অগোচরে বাড়ির বাইরে চলে যায়। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে পড়ে যায়। কিছু সময় পরে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকেন। পরে পুকুর থেকে শিশুটির ভাসমান নিথর দেহ উদ্ধার করে স্বজনরা। স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।
