ধানের স্লিপ নিয়ে মারামারিতে একজনের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে লোহাকুচি বাজারে শনিবার সকালে ধানের স্লিপ না দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন আবু তালেবের ছেলে আব্দুর রহিম (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোড়ল ইউপি সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারি গুদামে ধান দেওয়ার জন্য দুলালী গ্রামের খালেকুজ্জামান মৌসুম সরকারের বরাদ্দ ধানের স্লিপ চেয়ে ব্যর্থ হন। ঘটনার দিন ইউপি সদস্য লোহাকুচি বাজারে এলে মৌসুম ও তার দুই ভাইসহ অন্যরা হামলা করে। এ সময় মারামারি শুরু হয়। মফিজ মেম্বারের মামাত ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় এবং বুকে লাথি ও ঘুষি মারে। উপস্থিত কয়েকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনা তদন্ত শুরু করেছে।