সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

 

গলাচিপায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় আত্মসমর্পণকৃত ছয় জন দরিদ্র মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন পুলিশ সুপার পিপিএম-সেবা মোহাম্মাদ মঈনুল হাসান। গলাচিপা থানার আয়োজনে শনিবার গলাচিপা ফেরিঘাটে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মঈনুল হোসেন, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ। অনুষ্ঠানে আলী হোসেন, লিজা বেগম, স্বপন বনিক, কাইয়ুম, শাহিন হাওলাদার, সোহাগ হাওলাদার নামে ছয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তাদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে ২ হাজার টাকার চেক এবং চায়ের দোকানের ব্যবসা করার জন্য ফ্লাক্স, কাপপিরিচসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং র্যালি, বইপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কবীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরির সভাপতি আব্দুল বারী বাবু।

পূজারিদের বিভিন্ন উপকরণ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে শনিবার পূজারিদের বিভিন্ন ধরনের পূজার উপকরণ বিতরণ করা হয়েছে। ওসি রাশিদুল ইসলামের নিজ উদ্যোগে উপজেলার ৩৬টি পূজামণ্ডপের সদস্যদের এ পূজা উপকরণগুলো বিতরণ করা হয়। ভূঞাপুর থানা আয়োজিত পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঐ উপকরণ বিতরণ করা হয়। ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ।

ফ্রি ব্লাড গ্রুপিং ও মতবিনিময় সভা

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুর শহীদ আসদ ব্লাড ফাইন্ডেশনের উদ্যোগে শনিবার ফ্রি ব্লাড গ্রুপিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চবিদ্যালয়ে সাড়ে চারশ ছাত্র-ছাত্রীকে  ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকার শিবপুর থানা কল্যাণ সমিতির সভাপতি প্রেকৌশলী এফ এম রশিদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন আহম্মেদ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

আত্মসমর্পণ করা দরিদ্র মাদকসেবীদের পুনর্বাসন

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা দশমিনায় শনিবার আত্মসমর্পণ করা দরিদ্র মাদকসেবীদের পুনর্বাসন ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. মাইনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, দশমিনা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মো. মহিবুল আলম, দশমিনা প্রেসক্লাবের সভাপতি রিপন কর্মকার প্রমুখ।

গবেষণা-সম্প্রসারণ কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে শনিবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে দুই দিনব্যাপী গবেষণা-সম্প্রসারণ কর্মশালা শুরু হয়েছে। বিএসআরআই এর অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এম নাসিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহাপরিচালক ড. খলিলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আবদুর রাজ্জাক ও বিএসএফআইসির উপ-পরিচালক আখতার হোসেন।

নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর, কাপাশিয়া, হরিপুর, লালচামার, ছয়ঘড়িয়া ও চন্ডিপুর এলাকায় তিস্তা নদী ভাঙন রোধের দাবিতে শনিবার মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী। তিস্তা নদী ভাঙন রোধ সংগ্রাম পরিষদের আয়োজনে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উপজেলা আহ্বায়ক সাদেকুল ইসলাম দুলাল, কাপাশিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, তিস্তা নদী ভাঙন রোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ।

কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন

বেলাব (নরসিংদী) সংবাদদাতা বেলাবতে শনিবার কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারৈচা ন্যাশনাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি মো. জাহানুল হক বাবুলের সভাপতিত্বে সম্মেলনে জাহানুল হক বাবুলকে সভাপতি, মো. অলিউল্লাহকে সাধারণ সম্পাদক এবং মো. সোহাগ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মেলান্দহ মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মির্জা আজম অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারকে সভাপতি এবং আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ, সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন প্রমুখ এতে বক্তব্য দেন।

বিজিবির মাদকবিরোধী সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান নাচঘরে শনিবার মাদকবিরোধী মতবিনিময় সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত্, পিএসসি, এলএসসি। ৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, তেলিয়াপাড়া চা-বাগান ব্যবস্থাপক কাজী এমদাদুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ সার্কেলের ওসি মিজানুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জে পূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে শনিবার দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আরতি সংঘের উদ্যোগে শ্রীশ্রী কালীবাড়িতে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকেশ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ রায় চৌধুরী, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ ও সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়।

সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ার খোরদো বাঁওড় মত্স্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শচীন চন্দ্র বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন খোরদো মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি বাবুল বিশ্বাস, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, মানবাধিকারকর্মী মাধব দত্ত, রঘুনাথ খাঁ, স্বপন কুমার শীল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি নিত্যানন্দ আমিন প্রমুখ।

জাগরণী চক্র ফাউন্ডেশনে সোলার সিস্টেম উদ্বোধন

যশোর অফিস নবায়নযোগ্য বিদ্যুত্ উত্পাদনে সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে স্থাপন করা হয়েছে ২৫ কিলোওয়াটের সোলার সিস্টেম। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন শনিবার দুপুরে এই সোলার সিস্টেম উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার পরিচালক কাজী মাজেদ নওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকো যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ ও পরিচালন) প্রকৌশলী শহীদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মেরিনা আখতার। ওজোপাডিকো যশোরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) জাহান-ই-শবনম, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।