দিনাজপুরে আশুরার বিলে নৌকাডুবি, ৩ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় কয়েকজন শিক্ষার্থী ওই বিলে ভ্রমণ করতে নৌকাডুবিতে প্রাণ হারায়। 

নিহতরা হলেন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারিয়া আক্তার মৌমি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র হাসনাত দিপ্ত এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ছাত্র রাফিদ ইসলাম। তাদের প্রত্যেকের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিপ্রবির ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের একজন ছাত্রীসহ ৫ জন মিলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানে ঘুরতে যায়। তারা শালবন, কাঠের তৈরি ব্রিজসহ নানা স্থাপনা ঘুরে দেখার পর বিকেলে বিল দেখার উদ্দেশ্যে নৌকায় চড়ে। 

আরও পড়ুন: এই হাসি আর দেখবেনা কেউ

জাতীয় উদ্যান রক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মো. মাহাবুর রহমান জানান, বিকেল চারটার দিকে তারা মাঝি ছাড়া নিজেরাই নৌকা নিয়ে বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে বিলের পানিতে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানিয়েছে, ওই নৌকাটি বিলের মাঝখানে ডুবে যাওয়ায় তাদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে যেতে বেশ কিছু সময় লেগেছে। তাছাড়া শিক্ষার্থীরা কেউই সাঁতার জানাতো না। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার তথ্যটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/অনি