চট্টগ্রামে তিন ক্লাবে অভিযান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬

জুয়ার আসর বন্ধ করতে চট্টগ্রামের তিনটি বড় ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে একযোগে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাবে অভিযান শুরু হয়। ক্লাবগুলো যথাক্রমে নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত।

র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন রাত ৯টায় ইত্তেফাককে জানান, অভিযানে তিনটি ক্লাবেই জুয়ার আলামত মিলেছে।      মুক্তিযোদ্ধা ক্লাবে ধারালো অস্ত্র পাওয়া গেছে। তবে কাউকে আটক করা হয়নি। অভিযান শেষে গণমাধ্যমকে পুরো বিষয়টি অবহিত করা হবে।

র্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে প্রতিদিন জুয়ার আসর বসে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানের সময় ক্লাবের কার্যালয় তালাবদ্ধ দেখতে পাই। পরে সেখানকার একজন নিরাপত্তাকর্মীর সহায়তায় তালা ভেঙে আমরা ভেতরে ঢুকি। ক্লাবের ভেতর থেকে জুয়ার গুটি ও বোর্ড জব্দ করা হয়েছে। সেখান থেকে আরো আলামত আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। সরিয়ে নেওয়া আলামতগুলো জব্দ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পরিচালনা কমিটিতে রয়েছের চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আবাহনী লিমিটেডের সভাপতি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমএ লতিফ, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ আলম বাবুল ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাহাবুদ্দিন শামীম। এরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এর আগে গত শুক্রবার রাতে নগরীর আলমাস সিনেমা সংলগ্ন হ্যাংআউট ক্লাবে অভিযান চালিয়ে মালিক ও কর্মচারীসহ দুজনকে আটক করে পুলিশ।