বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চীন সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দিনের সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্টেট কাউন্সিলর অ্যান্ড মিনিস্টার অব ন্যাশনাল ডিফেন্সের জেনারেল ওয়েই ফেঙ্গি, চায়না জিইএস পিএলএ এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল ডিং লাইহাঙ্গের সাথে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে তারা পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন ইনস্টিটিউট অব পিএলএএএফ রিসার্চ একাডেমি, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, অ্যাভিআইসিন গুইজহউ এয়ারক্রাফট কোম্পানি লিমিটেড রেজিমেন্ট ওয়ানের ফ্লাইট টেস্ট অ্যান্ড ট্রেনিং বেস(জে-১০) জিইএস বিগ্রেড ফোর অব শিজিয়াজুয়াং ফ্লাইং কলেজ(জে-৭)সহ চীনের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা/প্রকল্প পরিদর্শন করেন। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরজ্ঞামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। চীনে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স (এসএএসটিআইএনডি), চায়না ন্যাশনাল এ্যারো -টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএটিআইসি), চায়না ন্যাশনাল ইলেকট্রনিক্স ইমপোট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিইআইইসি), চায়না পলি গ্রুপ, চায়না প্রিসিসিসন মেশিনারি ইমপোর্ট-এক্সপোর্ট করপোরেশন (সিপিএমআইইসি), চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ (সিইটিসি) আই এ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেডের (এএলআইটি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।