মিসরের বেশ কিছু শহরে শুক্রবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ দমনে কোথাও কোথাও পুলিশকে কাঁদানে গ্যাসও ব্যবহার করতে হয়েছে। ২০১৪ সালে সিসি ক্ষমতা নেওয়ার পর হতে সরকারবিরোধী এ ধরনের প্রথম প্রতিবাদী কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন। শুক্রবার কয়েক হাজার বিক্ষোভকারী তাহরির স্কয়ারে জড়ো হন। ২০১১ সালের গণঅভ্যুত্থানে এই চত্বর এর ভূমিকা ছিল অনস্বীকার্য। কায়রোর পাশাপাশি আলেকজান্দ্রিয়া ও সুয়েজেও সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শুক্রবার মিসরে টুইটারের ট্রেন্ডিং তালিকায় ‘সিসির পদত্যাগ’ এবং ‘জনগণ এ সরকারকে সরিয়ে দিতে চায়’ বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। স্পেনে স্বেচ্ছানির্বাসনে থাকা মিসরীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার দুই সপ্তাহ পর এ বিক্ষোভ হলো। — বিবিসি ও আল-জাজিরা
