চিত্রনায়ক সাইমন সাদিক। সম্প্রতি ভারতের আগরতলায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’-এ সম্মাননা পান। দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন নিয়মিত কাজ নিয়ে। সার্বিক বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
ভারতের আগরতলায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’-এ সম্মাননা পেলেন। উত্সব ও আপনার সম্মাননা প্রসঙ্গে জানতে চাই—
ভারতের আগরতলায় প্রথমবারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’ অনুষ্ঠিত হয়। সেখানে আমরা রাষ্ট্রীয় অতিথি হিসেবে অনেকেই যাই। ৩ দিনের এই উত্সবে ‘জান্নাত’ সিনেমাটির জন্য আমাকে সম্মাননা দেওয়া হয়। এটি ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা। সেখানকার অনেকেই আমাদের সিনেমা দেখেন। এটি ভালোলাগার একটি বিষয়।
আপনার এখনকার সিনেমার ব্যস্ততা?
‘আনন্দ অশ্রু’র কাজ প্রায় শেষ। এছাড়াও অনেকগুলো সিনেমার কাজ শেষ হয়ে আছে। এরমধ্যে ‘বাহাদুরি’ সিনেমাটি হয়তো এ বছরেই মুক্তি পাবে। এরইমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ।
সিনেমা নির্মাণের অনেক খবর পাওয়া গেলেও মুক্তির সংখ্যাটা দিনদিন কমছে। কারণ কী মনে করেন?
বিভিন্ন কারণ জড়িত এখানে। পর্যাপ্ত হল নেই, মুক্তির তারিখ নিয়ে একটা সমস্যা থাকে। প্রযোজকরা এর ভালো উত্তর দিতে পারবেন।
আগামী মাসে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। আপনার প্রস্তুতি কেমন?
এবার আমি নির্বাচন করছি না। কাজ নিয়ে ব্যস্ত আছি, তাই এখন নির্বাচন করার সময় নেই। তবে নির্বাচন নিয়ে প্রত্যাশা রয়েছে। নির্বাচন না করলেও সবার সঙ্গে ভালোর জন্য কাজ করতে চাই।’
