উন্নয়ন প্রকল্পের সুফল পেতে বাস্তবায়নে গতি বাড়াতে হবে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

ইত্তেফাক রিপোর্ট

উন্নয়ন প্রকল্প হতে সঠিক সুফল পেতে কার্যকর ও দক্ষভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা যাবে, তত দ্রুত এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। প্রকল্পগুলো যথাসময়ে, ব্যয় এবং যথাযথ মানের সঙ্গে সম্পন্ন করা খুব জরুরি। গতকাল রাজধানীর একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে কার্যকর ব্যবস্থা নিয়ে এক সেমিনারে এ কথা বলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এসময় তিনি প্রকল্পে গতি বাড়াতে এডিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বহু বছর ধরে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়নি। এসময় সুশাসনের অভাব ছিল। সেসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেকেই অতিরিক্ত অর্থের সন্ধান করার চেষ্টা করেছিলেন এবং জনগণের স্বার্থকে বিবেচনা করেননি।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুত্ ও জ্বালানি খাতে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। এখন পরিবহন, সংযোগ এবং অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, যেখানে এডিবি বিনিয়োগের সুযোগ রয়েছে। কেবল বাজেটের আকার বাড়ানো নয়, উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার বিষয়ে নিশ্চিত করার প্রতি জোর দেন তিনি। অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন দ্রুত করা এবং সংস্থার অর্থায়নে বাস্তবায়নের অপেক্ষায় থাকা প্রকল্পগুলির প্রস্তুতির চূড়ান্তকরণের আহ্বান জানান। তিনি বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এডিবিও বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে। এডিবির দ্বিতীয় বড়ো বিনিয়োগ রয়েছে এ দেশে। বর্তমানে প্রায় ১০ বিলিয়ন ডলারের ৫৪টি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আগামী তিন বছরে এডিবি বাংলাদেশকে প্রায় ৫০০ কোটি ডলার সহায়তা দেবে। বর্তমানে ছয়টি খাতে এডিবি বাংলাদেশকে সহায়তা করছে, এগুলো হলো, জ্বালানি, পরিবহন, পানি এবং নগর অবকাঠামো, কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন। সেইসঙ্গে আর্থিক ও শিক্ষাখাত ছাড়াও স্বাস্থ্য খাতে এডিবির সহায়তা রয়েছে। বাংলাদেশে বড়ো প্রকল্পগুলোর মধ্যে যমুনা সেতু, আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্র, ঢাকা ও খুলনা ওয়াসা, সড়ক ও রেল খাতে বড়ো বিনিয়োগ করেছে এডিবি।

এডিবির অর্থায়ন পরিকল্পনায় চলমান বেশ কিছু বড়ো প্রকল্প রয়েছে। এরমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক, জয়দেবপুর-এলেঙ্গা-রংপুর-বুড়িমারী-বাংলাবান্ধা সড়ক, ফরিদপুর-বরিশাল সড়ক, ঢাকা-চট্টগ্রাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প, ঢাকা এমআরটি লাইন-৫ (গাবতলী-পান্থপথ-আফতাবনগর), স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রকল্প, কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্প, ঢাকা সুয়ারেজ সিস্টেম অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এবং খুলনা সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট। এছাড়া নতুন করে নেওয়া প্রকল্পে অর্থায়ন করবে এডিবি।