জাপানি বিনিয়োগকারীদের জন্য গাইড বুক চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি একটি গাইড বুক উন্মোচন করেছে যা বাংলাদেশে জাপানি ব্যবসা ও বিনিয়োগ পরিচালনা করতে সহায়তা করবে। ‘রাইজিং টাইডস’ শীর্ষক ইভেন্টে ‘ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ’ নামের গাইড বুকটি উন্মোচন করা হয় যা জাপানি এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশে জাপানি ব্যবসায়ের জন্য উন্নততর অভিজ্ঞতা দেওয়ার জন্য একটি ডেডিকেটেড জাপান-বাংলাদেশ ডেস্ক চালু করে। ২০১৮ সালে ব্যাংকটি জাপানি এবং বাংলাদেশি কোম্পানির মধ্যে একটি যুগান্তকারী ট্র্যানসেকশন সম্পন্ন করেছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে একক বৃহত্তম বিদেশি বেসরকারি বিনিয়োগ এবং বাংলাদেশের একক বৃহত্তম কনসিউমার সেক্টর অধিগ্রহণ হিসেবে স্বীকৃত। মাতারবাড়ি বিদ্যুেকন্দ্র, কাঁচপুর গ্যাস প্রকল্প এবং এমআরটি লাইন ৬-এর মতো জাপানের অর্থায়নে পরিচালিত বড়ো মেগাপ্রজেক্টগুলোর জন্যও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ম্যান্ডেটপ্রাপ্ত ব্যাংক। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, বর্তমান সময়ে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে উঠেছে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক চিফ কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিরোয়ুকি ইয়ামায়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিস বাংলাদেশ-এর সিইও মুহাম্মদ আলকামা সিদ্দিকী, জেট্রো বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপান-এর সিইও ইয়াসুনোরি টাকেউচি। —প্রেস বিজ্ঞপ্তি