সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক
ইত্তেফাক রিপোর্ট
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তিমালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরাঁ এবং শহরাঞ্চলের সন্নিকটে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকিট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। এ সব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এক প্রেসবার্তায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, টাকার আদলে এ ধরনের বিল/কুপন/টিকিট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে। এছাড়া, ব্যাংক নোটের আদলে খাবারের মূল্য/বিল/কুপন/টিকিট প্রস্তুত ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে বর্ণিত কর্মকাণ্ড হতে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
