আবার হারল বার্সেলোনা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২

পয়েন্ট খোয়াল

অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক

শেষ কিছু দিন ধরেই ঘরের মাঠে আর প্রতিপক্ষের মাঠের বার্সেলোনা যেনো মুদ্রার এপিঠ ওপিঠ। ঘরের মাঠের অদম্য ভাবটা প্রতিপক্ষের মাঠে গেলেই যেনো জানালা দিয়ে পালাচ্ছে! শনিবার রাতে গ্রানাডার মাঠেও এই বৃত্ত থেকে বেরোতে পারেনি লা লিগা শিরোপাধারীরা। অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতিতেও ২-০ গোলে হেরেছে কাতালানরা।

কাতালোনিয়ার বাইরে দলটির এমন ফর্ম কোচ আর্নেস্তো ভালভার্দের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। গ্রানাডার কাছে এমন হারকে বেদনাদায়ক ও ভীতিকর হিসেবে দেখছেন ফরোয়ার্ড লুই সুয়ারেজও।

শনিবার রাতে ম্যাচটির দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। গোলটি করেন গ্রানাডা ফরোয়ার্ড রামন আজিজ। এরপর ৬৬ মিনিটে আলভারো ভাদিয়ো পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলটির।

ফলে চলতি মৌসুমে লিগের প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র সাত পয়েন্ট অর্জনে সক্ষম হয় বার্সেলোনা। যা চলতি শতাব্দিতে দলটির সবচেয়ে বাজে শুরুও। এ নিয়ে শেষ সাতটি ‘অ্যাওয়ে’ ম্যাচের একটিতেও জয় নিয়ে ফিরতে পারেনি ভালভার্দের শিষ্যরা। শেষ অ্যাওয়ে জয়টি এসেছিল গেল এপ্রিলে, লিগের মধ্যমসারির দল আলাভেসের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে দলের এমন ছন্দহীনতা দুর্ভাবনায় ফেলেছে বার্সা কোচ ভালভার্দেকে, ‘আমি উদ্বিগ্ন, কেননা প্রতিপক্ষের মাঠ থেকে আমরা ভালো ফল পাচ্ছি না। চারটা অ্যাওয়ে ম্যাচে এমন হওয়াটা জানান দিচ্ছে কিছু একটা ঘাটতি আছে আমাদের। আমরা ম্যাচে ভালো খেললেও সেটাকে গোল তৈরির সুযোগে রূপ দিতে পারিনি। ফলাফল বদলে দেওয়ার সুযোগ পাইনি আমরা।’

মৌসুম শুরুর আগে আন্তোয়ান গ্রিজমান যোগ দেওয়ার পর আলোচনায় ছিল দলটির আক্রমণভাগ। কিন্তু গ্রানাডা ম্যাচে সেই আক্রমণভাগই প্রতিপক্ষ গোলমুখে শট নিতে পেরেছে মোটে একটি, তাও মেসি, সুয়ারেজ, গ্রিজমান ও আনসুমান ফাতিদের উপস্থিতিতে! একই ঘটনা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুম শুরুর ম্যাচে ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও ঘটেছিল।

আক্রমণভাগের এমন ধারহীনতাকেই দলের ভোগান্তির কারণ হিসেবে দেখছেন ভালভার্দে, ‘প্রতিপক্ষ গোলমুখের কাছে আমাদের খেলায় তীক্ষতা ছিল না। তারা আমাদের কাছ থেকে বল কেড়ে নিতে চেয়েছিল, সেটা আমরা ভালোভাবে সামালও দিচ্ছিলাম কিন্তু যখন সেটাকে গোলের সুযোগে রূপ দিতে ব্যর্থ হয়েছি আমরা। এখানেই ভুলটা হচ্ছে। এখানে উন্নতি প্রয়োজন আমাদের।’

গ্রানাডার কাছে হারটি দুর্ভাবনা জন্ম দিচ্ছে স্ট্রাইকার সুয়ারেজের মনেও, ‘এটা এমন এক হার যেটা দুশ্চিন্তা সৃষ্টি করে এবং বেশ কষ্ট দেয়, সবকিছুকে খতিয়ে দেখতে হবে আমাদের। মৌসুমের শুরুতে দলের এমন ফরম শিরোপা ধরে রাখার ক্ষেত্রেও বাজে প্রভাব ফেলতে পারে বলে অভিমত তার। উরুগুইয়ান ফরোয়ার্ডের ভাষ্য, ‘একদম নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না কিন্তু এমন সব ম্যাচই আপনাকে শিরোপা জেতায়। লিগ জিততে হলে আমাদের আরো বেশি ক্ষুরধার হতে হবে।’

বার্সার দুশ্চিন্তা বাড়ার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে সেল্টাভিগোর সঙ্গে। এর ফলে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে দলটি। আর শিরোপাধারী বার্সেলোনা সমানসংখ্যক ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে অবস্থান করছে সাতে।