ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে আগামী বুধবার। ঐদিন সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলা হয়েছে। পরদিন হতে অনুশীলন। আগামী ১০ অক্টোবর কাতারের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ ঢাকায়। ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে লড়াই। কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ। আর এখন চলছে কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের রাউন্ড টু পর্বের খেলা। আগেই বলা হয়েছিল কাতার এবং ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর ম্যাচ ঢাকায়। তারিখ ঠিকই আছে, তবে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে বলে জানা গেছে। গতকাল জানা গেছে ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উল্লেখিত তারিখে ম্যাচ দুটি হবে ভুটানের বিপক্ষে।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে ভালো কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় যে কোনো দল। কাতার বিশ্বকাপ আয়োজক দেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা একপেশে হবে সেটা সহজেই অনুমান করা যায়। ভালো কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে কাতারের সঙ্গে ম্যাচ হলে সেটা আরো বেশি ভালো হতো— এমনটা প্রথমে চিন্তাভাবনা করলেও জাতীয় দলের দায়িত্বে থাকা কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করতে পারেননি। শেষ পর্যন্ত ভুটানের শরণাপন্ন হয়েছেন এই কমিটির কর্মকর্তারা। এই ভুটানের কাছে হেরে আগের বিশ্বকাপ বাছাই হতে বিদায় নিয়েছিল বাংলাদেশ ফুটবল দল।