স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৮-০ গোলের জয়কে দৃষ্টিনন্দন আখ্যা দিয়েছেন দলটির কোচ পেপ গার্দিওলা। তবে এমন পারফর্মেন্স মোটেও স্বাভাবিক কিছু নয়, অভিমত স্প্যানিশ এই কোচের।
শনিবার রাতে নিজেদের মাঠে সিটি ১৮ মিনিটের ব্যবধানেই পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায়। গোলগুলো আসে ডেভিড সিলভা, সার্জিও আগুয়েরো, রিয়াদ মাহরেজ, বার্নার্দো সিলভা ও নিকলাস ওটামেন্ডির পা থেকে। প্রিমিয়ার লিগে এর চেয়ে কম সময়ে পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার ইতিহাস নেই কোনো দলেরই।
এরপর আরো দুই গোল করে বার্নার্দো সিলভা হ্যাটট্রিক পূরণ করেন। ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন কেভিন ডি ব্রুইন। ফলে প্রিমিয়ার লিগ ইতিহাসে নিজেদের সবচেয়ে বড়ো জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
প্রতিপক্ষ গোলমুখে প্রথম পাঁচ চেষ্টাতেই গোল পেয়েছিল সিটি। গার্দিওলা একে দেখছেন ‘অদ্ভুত’ হিসেবেই। তিনি বলেন, ‘এটা অদ্ভুত এবং অস্বাভাবিক। পাঁচ শটেই পাঁচ গোল! একই সময়ে প্রতিপক্ষকেও আমরা দুটো গোলের সুযোগ দিয়েছিলাম! আমাদের যে গুণমান আছে সেটা দৃষ্টিসুখকর। পাঁচ গোলে এগিয়ে যাওয়ার পরে খেলাটা পুরোপুরি বদলে গিয়েছিল। আমরা নির্দয় ফুটবল খেলেছিলাম।’ তিনি আরো যোগ করেন, ‘কখনো আপনি এটা ১৫-২০টা শট নিয়েও করতে পারব না। আমাদের সবার জন্য দিনটা দারুণ ছিল।’
পাঁচ গোলে এগিয়ে গিয়েও প্রতিপক্ষকে কোনো ছাড় দেয়নি সিটি। গার্দিওলা এতে প্রতিপক্ষকে অসম্মানের কিছুই দেখছেন না। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে অপমান করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দ্বিতীয়ার্ধে নির্বোধের মতো কাজ করা, বল পায়ে অযাচিত কারিকুরি দেখানো। আমরা দর্শকদের জন্য খেলি যারা খেলাটা দেখতে এখানে আসে। পাঁচ গোলে এগিয়ে আছি বলে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা দৌড়াবে না, এটা পছন্দ করি না আমি। এতেই বরং প্রতিপক্ষকে হেয় করা হয়।’
