কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এক রিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জুয়েল হোসেন (৩৫)। রবিবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী পপি খাতুন জানান, শনিবার বিকালে জুয়েল রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন রবিবার সকালে পুলিশ শহরের হাউজিং এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করলে জুয়েলের বলে পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জুয়েলের লাশসহ পাশে পড়ে থাকা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
