ভোলা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে রক্ষার দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ ভোলার আয়োজনে নানা কর্মসূচি পালন করেছে ভোলার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন শিশু-কিশোর-যুবরা। শুধু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নয়, দেশের পরিবেশ দূষণের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। রবিবার সকালে ভোলার ১২টি সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উইক-এর কর্মসূচির অংশ হিসেবে দিনটি উদ্যাপন করে। সকালে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে পৃথিবীকে বাঁচানোর দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাতে একাত্মতা প্রকাশ করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, বন বিভাগের উপপরিচালক ফরিদ মিঞা, ইউনিসেফ বরিশালের কনসালটেন্ট আসিফ চৌধুরী, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ ভোলার প্রধান সমন্বয়কারী মো. আদিল হোসেন তপু, ইয়ুথ ইউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইভান তালুকদার, হেল্প অ্যান্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিবউদ্দিন ওমি, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের সহ-সমন্বয়কারী সাদ্দাম হোসেন।
জলবায়ু অবরোধে অংশ নেয় ইউনিসেফ, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, হেল্প অ্যান্ড কেয়ার, বাঁধন, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, ভোলা মানব কল্যাণ যুব সংঘ, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ইউনিটি বাংলাদেশ।
