এলাকায় প্রকল্প পরিচালক না থাকা কাঙ্ক্ষিত নয়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

পরিকল্পনামন্ত্রী

 চট্টগ্রাম অফিস

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আবার শেষ সময়ে তাড়াহুড়া করে মান ক্ষুণ্ন করা যাবে না। প্রকল্প এলাকায় প্রকল্প পরিচালক না থাকা কাঙ্ক্ষিত নয়। কোনো প্রকল্প চলাকালীন প্রকল্প পরিচালক বদলি বা একই প্রকল্পের দুইজন প্রকল্প পরিচালক থাকতে পারবে না। একনেক সভায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা বই আকারে ছাপিয়ে প্রকল্প পরিচালকদের কাছে পাঠানো হবে। তিনি গতকাল রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চট্টগ্রাম বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য ওয়াসেকা আয়শা খান, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। জানা যায়, চট্টগ্রাম বিভাগে মোট প্রকল্প সংখ্যা ১৯৩টি। এসব প্রকল্পের মোট ব্যয় ১২ হাজার ৮০৬ কোটি ৯৯ লাখ টাকা যা মোট এডিপির বরাদ্দের ১০.১৫ শতাংশ।