আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে রবিবার সকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিকা আক্তার (২)। সে উপজেলার দুলালী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার দিন মনিকা তার মা শারমীন আক্তারের কাছে পানি খেতে চায়। তখন তার মা শিশুটিকে উঠানে থাকা একটি জগ থেকে পানি ঢেলে খেতে বলেন; কিন্তু শিশুটি একটি মগ নিয়ে বাড়ির পাশের পুকুরে পানি নিতে যায়। ঐ সময় দুর্ঘটনাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ঐ পুকুরে শিশুটির ভাসমান লাশ দেখে উদ্ধার করে।
আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
