টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে শনিবার সন্ধ্যায় এক কিশোর চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক রাজিব শেখ (১৬) উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন হূদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ রাতে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদির পাড় ব্রিজের কাছ থেকে তিন/চার জন লোক রাজিবের অটোভ্যানটি ভাড়া করে নিয়ে যায়। পরে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মন্ডলবাড়ির কাছে রাস্তার পাশে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ওসি মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
