গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার কার্যালয়ের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাঁওতাল বাঙালিরা। সংগ্রাম কমিটির নেতা আব্দুল খালেককে খামারের নিযুক্ত আনসাররা মারপিট করে আহত করার প্রতিবাদে তারা রবিবার ঘণ্টাব্যাপী এ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন ও থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে দোষীদের শাস্তিসহ প্রত্যাহারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
