সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

কলেজ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কলেজ শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ছাত্র ভর্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি-উন্নয়ন বরাদ্দের টাকা ভাগবাঁটোয়ারা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলেজে তাহের চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহর লাল রায়, জেলা সংসদের সভাপতি পংকোজ সরকার, সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

পপির নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজিবিষয়ক জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্যে রবিবার কর্মশালা পপি-পার্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ ও অক্সফামের সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পপির ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প’ এ কর্মশালার আয়োজন করে। শুরুতে প্রকল্প ও কর্মশালার লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেন পপি-রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. ফেরদৌস আলম। প্রকল্প সম্বয়কারী মো. ফরিদুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদা ইয়াসমিন প্রমুখ।

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ সমাপ্ত

কেশবপুর (যশোর) সংবাদদাতা যশোর ও নড়াইল জেলার কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ রবিবার কেশবপুরে সমাপ্ত  হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতার ওপর জারিগান পরিবেশন করেন কেশবপুর সরকারি পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ রায়, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন প্রমুখ।

গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিয়া (নড়াইল) সংবাদদাতা নড়াইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রবাসে নড়াইলবাসী’ নামের একটি গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঐ গ্রুপের পরিচালকদের আয়োজনে শহরের হাটবাড়িয়া ইকোপার্কে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল সরকারি উচ্চ ব্যািলয়ের প্রধান শিক্ষক (অব) অনিল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা বেগম। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান শেখ, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) আবুল কাশেম প্রমুখ। আলোচনা সভা শেষে ১০ শিক্ষক এবং পাঁচ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

হতদরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা বীরগঞ্জ পৌরসভা হল রুমে হতদরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে রবিবার। পৌরমেয়র মো. মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে বাংলাদেশ সরকার ও জাইকার সহায়তাপুষ্ট নবিদেপ প্রজেক্টের আওতায় পৌর এলাকার অসহায় হতদরিদ্র ও বেকার নারীর আর্থসামাজিক উন্নয়নে ১৫ নারীকে বিনামূল্যে ৪৫ দিন মেয়াদি সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবিদেপ টিম লিডার (পিটিএল) মো. ওহিদুল ইসলাম, ভান্ডার রক্ষক দোস্ত মোহাম্মদ, প্যানেল মেয়র মো. মেহেদি হাসান, কাউন্সিলর মো. আব্দুল বারিক প্রমুখ।

রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার, রংপুর সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুর (আরসিআর)-এর দ্বিবার্ষিক নির্বাচনে আব্দুল হালিম আনছারী-বায়েজীদ-ফারুক প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। শনিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ১১টি পদের মধ্যে মোজাফ্ফর-ওসমানী-মানিক প্যানেল থেকে সহসভাপতি পদ ছাড়া বাকি সব পদে নির্বাচিত হয়েছেন আনছারী-বায়েজীদ-ফারুক প্যানেলের প্রার্থীরা।

নির্বাচিতরা হলেন—সভাপতি আব্দুল হালিম আনছারী (ইনকিলাব), সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহসভাপতি মমিনুল ইসলাম রিপন (পরিবেশ), সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, কোষাধ্যক্ষ এস এম ইকবাল সুমন, দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ। এছাড়া কার্যকরী সদস্য পদে মিজানুর রহমান লুলু, আমিরুল ইসলাম প্রমুখ নির্বাচিত হয়েছেন।

প্রতিবন্ধীদের সংবেদনশীল প্রশিক্ষণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে রবিবার ফোকাল (প্রতিবন্ধী) ব্যক্তিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে স্থানীয় প্রতিবন্ধীদের অংশগ্রহণে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান প্রশিক্ষণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা

বগুড়া অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারিয়াকান্দির আয়োজনে স্থানীয়  পাবলিক মাঠে রবিবার বিকালে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক দুলু প্রমুখ।

উপজেলা আওয়ামী মত্স্যজীবী লীগের পরিচিতি সভা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা আওয়ামী মত্স্যজীবী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সমাবেশ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা মত্স্যজীবী লীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও মত্স্যজীবী লীগের সহসভাপতি জসিম উদ্দিন প্রধানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মত্স্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. রেদওয়ান খান বোরহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।

শিক্ষার্থীদের ভাতা উপকরণ ও সনদপত্র বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা হাজীগঞ্জে অসচ্ছল শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের সমাপনী দিনে রবিবার ভাতা, উপকরণ ও সনদপত্র বিতরণ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম। উচ্চ মাধ্যমিক প্রকল্পের আওতায় সমাপনী দিনে উপজেলা ই-সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক শ ম সাইফুল আলম।

 

০