ইত্তেফাক রিপোর্ট
শিশুদের নিয়ে দেশের সবচেয়ে বড়ো সাংস্কৃতিক উত্সব চলছে শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উত্সব হয়ে উঠেছে সারাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত শিশু-কিশোরদের মিলনমেলা। কোনো মঞ্চে হচ্ছে নাটক, কোনো মঞ্চে নৃত্য পরিবেশনা তো কোথাও বসেছে সংগীত আসর। শিশুদের অংশগ্রহণে বাঙালি সংস্কৃতির অপূর্ব আয়োজন এ উত্সব।
গতকাল রবিবার উত্সবের তৃতীয় দিনে শিশু-কিশোরদের অংশগ্রহণে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার, জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিও, জাতীয় চিত্রশালা মিলনায়তনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নেয়। এছাড়াও একাডেমির জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে বসছে বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা প্রাঙ্গণে শিশুরা বানাচ্ছে বঙ্গবন্ধু পুষ্পকানন আর একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় প্রতিদিন বিকালে বসছে শিশুদের নিয়ে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও মঞ্চকুড়ি পদক প্রদানপর্ব। আর সব পরিবেশনা শেষ হলে বিদায়ি দলকে সংবর্ধনা জানানো হচ্ছে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে।
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বিকালে রাজশাহীর ভোর হলো নাট্যদলের পরিবেশনায় নাটক প্রসন্ন প্রকৃডু মঞ্চস্থ হয়। এছাড়াও, সিরাজগঞ্জের নাট্য নিকেতনের পরিবেশনায় নাটক ছুটি, জেলা শিল্পকলা একাডেমির শিশু নাট্যদলের পরিবেশনায় নাটক তারুণ্যের আহ্বান, জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি নাট্যদলের পরিবেশনায় নাটক পাখির ডানা মঞ্চস্থ হয়।
স্টুডিও থিয়েটার হলে বিকালে জেলা শিল্পকলা একাডেমি নওগাঁ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, নাটোর, রাঙ্গামাটি, মাদারীপুর, শরিয়তপুর ও দিনাজপুরের পরিবেশনায় আবৃত্তি, একক অভিনয় ও ৭ মার্চের ভাষণ এবং দিজেন্দ্রনাথ ব্যানার্জীর রচনায় ও সম্মিলিত নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল নওগাঁ মঞ্চস্থ করে নাটক চিড়িয়াখানা। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলাকেন্দ্র মঞ্চস্থ করে নাটক বাল্যবিবাহ, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করে নাটক আলোর পথে, নাটোরের ভোর হলো শিশুকিশোর (ইঙ্গিত থিয়েটার) নাটোরের পরিবেশনায় নাটক বই বই হইচই এবং শরিয়তপুরের জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল মঞ্চস্থ করে নাটক আমাদের মীনা। জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকালে জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, নাটোর, রাঙ্গামাটি, মাদারীপুর ও শরিয়তপুর পরিবেশন করে সমবেত সংগীত, একক সংগীত ও সমবেত নৃত্য। আজ সোমবার বিকাল থেকেও যথারীতি বসবে উত্সব।
