তামারা হাসান আবেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বোর্ডের সদস্য ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন। গত ২৫ জুলাই থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে। তামারা হাসান আবেদ ২০১১ সালের জানুয়ারিতে বোর্ডের সদস্য এবং মার্চ মাসে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বোর্ডের আর্থিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

স্যার ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার একটি গর্বের জায়গা। এর কৃতিত্ব শিক্ষার্থী এবং শিক্ষকদের। আজ এই ৮৩ বছর বয়সে আমি মনে করি, নতুন নেতৃত্বের হাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দিয়ে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।

দুই দশকের কর্মজীবনে তামারা হাসান আবেদের রয়েছে বিনিয়োগ ব্যাংকিং, বাণিজ্য এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আড়ং, ব্র্যাক ডেইরি এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজসহ ১৩টি উদ্যোগের প্রধান। তামারা আবেদ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। ২০১০ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তামারা আবেদ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। —প্রেস বিজ্ঞপ্তি