বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মাদক ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে একদল মাদক ব্যবসায়ী লোহার রড দিয়ে পিটিয়ে এক কৃষককে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তির নাম বারসেদ আলী (৩৫)। তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড়া গ্রামে রবিবার দুপুরে ঘটে এ ঘটনা। আহত বারসেদকে বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও বারসেদের স্বজনরা জানান, কয়েক দিন আগে চরআষাঢ়িয়াদহ সীমান্ত এলাকায় ফেনসিডিলের একটি চালান জব্দ করে বিজিবি। ঐ বাহিনীকে গোপনে খবর দিয়ে এসব মাদক আটক করানোর অভিযোগ এনে স্থানীয় মাদকচক্রের কয়েক জন ঘটনার পর থেকে বারসেদের কাছে মাদকের মূল্য বাবদ ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও করা হয়।
এদিকে রবিবার দুপুরের দিকে বারসেদ আলী চরকানাপাড়া বাজারে গ্রাম্য চিকিত্সকের দোকানে ওষুধ কিনতে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বারসেদ আলীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা পিটিয়ে বারসেদের কোমর থেকে দুই পায়ের পাতা পর্যন্ত ক্ষত-বিক্ষত করে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে চলে যায়। মাদক কারবারিরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে বারসেদকে বাঁচাতে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
