তিন জেলায় আওয়ামী লীগ নেতাসহ ৩০ জুয়াড়িকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার কর রামু ও চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস রয়েছেন। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাবুরহাট একাদশ ক্লাব থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। আটককৃতরা হলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার কর রামু, চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস, সদরের আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল, দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি, শিলন্দিয়া এলাকার ইমদাদুল হক পাটওয়ারী, একই এলাকার সেলিম মিজি, দক্ষিণ দাসদী গ্রামের ইসমাইল শেখ, দাসদী গ্রামের দুলাল ধর ও হোসেনপুর গ্রামের বশিল সৈয়া।
কালিয়া (নড়াইল) : কালিয়া থানা পুলিশ নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। কালিয়া থানা পুলিশ উপজেলার বেন্দা গ্রামের আকবর মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ৮৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ উপজেলার ছোটো কালিয়া গ্রামের রফিকুল মোল্যা, একই গ্রামের উদয়শংকর রায় এবং ছিদ্দিকুর রহমান, বড়নাল গ্রামের রবি মল্লিক, রামনগর গ্রামের নির্মল বিশ্বাস ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফুকরা মেছধামা গ্রামের গফ্ফার সরদারকে আটক করে। এদিকে, কালিয়া খেয়াঘাটে ১০ পিচ ইয়াবাসহ উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী নান্নু মোল্যাকে আটক করা হয়।
বগুড়া : বগুড়া টাউন ক্লাবে অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক শামীমসহ ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গোলাম আলী, হেলাল উদ্দিন, মো. খালেক, আমিনু্ল ইসলাম, মুকুল, মঞ্জুরুল আলম, আব্দুল ওয়াছেক পিন্টু, সিরাজুল ইসলাম, মো. সাগর, মোক্তার হোসেন, বাচ্চু মিয়া, আবুল হোসেন, কে এন আলম শহিদুল ইসলাম এবং শহিদুল ইসলাম।
