কচুয়া থানা পুলিশ রবিবার দুপুরে সিয়াম হোসেন (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সিয়াম উপজেলার কড়ইয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মিয়াজী বাড়ির মনির হোসেনের ছেলে। সে স্থানীয় নলুয়া শিশু সদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
সিয়ামের পরিবারের লোকজন জানায়, দুপুরের পর বাড়ির পাশের অন্যান্য সঙ্গীদের সঙ্গে খেলা করতে ঘর থেকে বের হয়ে যায় সিয়াম। সন্ধ্যার আগে হানিফ মিয়া নামের এক বৃদ্ধা পার্শ্ববর্তী নলুয়া বাজারে যাওয়ার সময় সিয়ামের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রেইনট্রি গাছের সঙ্গে সিয়ামের ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে সিয়ামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিয়ামের মা পাখি বেগম ও ফুফু নুরজাহান দাবি করেন, সিয়ামকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এব্যাপারে আমরা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে শিশু সিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হবে। ঘটনা রহস্য উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে। এদিকে শিশু সিয়ামের ঝুলন্ত লাশ পাওয়ায় স্থানীয় লোকজন হতবাক ও বিস্মিত।
ইত্তেফাক/আরকেজি
