মানিকগঞ্জ বিএনপিতে গণপদত্যাগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এবার মানিকগঞ্জ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির ২৭ সদস্যের মধ্যে ১৭ জন পদত্যাগ করলেন। অনিয়মের মাধ্যমে এবং কমিটিতে অযোগ্য লোকদের স্থান দেওয়ার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে রবিবার বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। একই অভিযোগে এর আগে নবগঠিত শিবালয় উপজেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে ৩৩ সদস্যের মধ্যে ৩০ জন পদত্যাগ করেন।
এদিকে গত ১১ সেপ্টেম্বর জেলা বিএনপির আহবায়ক কমিটি মানিকগঞ্জের সাতটি উপজেলা এবং দুটি পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করে। কিন্তু আহবায়ক কমিটির একাংশ সাতটি উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, জেলা কমিটির আহবায়ক জামিলুর রশিদ, যুগ্ম আহবায়ক আতাউর রহমান এবং সদস্য সচিব এস এ জিন্নাহ কবির কমিটির অন্য সদস্যদের মতামত না নিয়ে নিজেদের লোক দিয়ে পকেট কমিটি গঠন করেছেন।
