দুষ্কৃতকারীরা ফেনী জেলার টঙ্গীরপাড় গ্রামের মকবুল আহমেদের পুত্র শেখ ফরিদের (৫৫) হাত-পা থেঁতলে দিয়ে মুমূর্ষু অবস্থায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের দক্ষিণ পার্শ্বে গৌরীপুর জনতা ব্যাংকের কাছে ফেলে যায়। ২১ সেপ্টেম্বর রাতে স্থানীয় জনগণ এবং পুলিশ গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করলে রাতেই সে মারা যায়। ডাক্তার জানায়, দুষ্কৃতকারীরা তার হাত-পা থেঁতলে ফেলেছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসম আব্দুন নূর বলেন শেখ ফরিদ তিনটি বিয়ে করেছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। পারিবারিক দ্বন্দ্ব অথবা টাকাপয়সা লেনদেনসংক্রান্ত কোনো ঘটনায় শত্রুতা সৃষ্টির প্রেক্ষিতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।
