সিলেট চেম্বার নির্বাচনের ফল প্রকাশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের (২০১৯-২০২১) অর্ডিনারি ও অ্যাসোসিয়েট শ্রেণির পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ভোট গণনা শেষে শনিবার রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন বোর্ডের প্রধান অ্যাডভোকেট নাসির খান তাদের নাম ঘোষণা করেন। এর আগে সকাল নয়টায় নগরীর ধোপাদিঘীরপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শুরু হয়। নির্বাচনের প্রকাশিত ফলাফলে সিলেট চেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যনেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৩ জন ও সিলেটে ব্যবসায়ী পরিষদ থেকে আট প্রার্থী পরিচালক নির্বাচিত হয়েছেন। চেম্বারের ২২টি পরিচালক পদের মধ্যে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে অন্য কোনো প্রার্থী না থাকায় শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত ঘোষণা করে নির্বাচন বোর্ড। শমশের সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন।