ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিদেশি শক্তিকে উপসাগরের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি সৈন্য সর্বদাই সেখানে দু:খ-কষ্ট বয়ে আনে। তিনি সেখানে বিদেশি শক্তির অস্ত্রের প্রদর্শনী না করার হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, তিনি শিগগিরই জাতিসংঘে উপসাগর নিয়ে একটি শান্তি আলোচনার প্রস্তাব দেবেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সৈন্য ও অস্ত্র পাঠানোর ঘোষণার পর এই হুঁশিয়ারি দিলেন রুহানি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলতে চায়। উপসাগরে সৈন্য পাঠানো হচ্ছে প্রতিরক্ষার জন্য। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সৌদি আরবকে সৈন্য ও অস্ত্র সরবরাহ এবং সংযুক্ত আরব আমিরাতকে অস্ত্র দেওয়া বিপজ্জনক। এটা উদ্বেগের। -রয়টার্স
