গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে আরো ৭টি কোম্পানিকে প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। এসময় কোম্পানিসগুলো প্রতিনিধিরাসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে আগামী ৪০ (চল্লিশ) বছরের জন্য বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে ডাটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট লি., স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লি., মিডিয়া সফট ডাটা সিস্টেম লি., ইউ ওয়াই সিস্টেম লি. নামীয় প্রতিষ্ঠানসমূহ বিনিয়োগের সুযোগ পেয়েছে।
এই প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ডাটা সফটকে ২.৭৫ একর, আমরা হোল্ডিংস এর অনকূলে ৩.৫০ একর, ডেভ নেট লি.-কে দুই একর, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লি.-কে দুই একর, মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেডকে এক একর, ইউ ওয়াই সিস্টেম লি.-কে এক একর জমি বরাদ্দ দেয়া হয়েছে ।
বরাদ্দকৃত জমিতে সাতটি কোম্পানি মোবাইল ফোন উত্পাদন, সংযোজন, প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরিসহ স্মার্ট হোম ও ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবে। এতে পাঁচ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইটিক পার্ক কর্তৃপক্ষ।
এর আগে এসবি টেল এন্টারপ্রাইজ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়। তারা সেখানে মোবাইল ফোন সংযোজন ও উত্পাদন করবে।
