চলমান জুয়া, ক্যাসিনো, মাদক ও দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এ অভিযানে জাপা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। প্রধানমন্ত্রীর সঠিক ও শক্তিশালী নেতৃত্বে দেশের সবচেয়ে বড়ো সমস্যা দুর্নীতি ও অনিয়মের সমস্যা দূর হবে। জাপা সবসময় তার পাশে থাকবে। আমরা যখন যেভাবে পারি, যেভাবে তারা চাইবেন সেভাবে সহযোগিতা করব। গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান তার কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভায় একথা বলেন।
কলাবাগান ক্লাবে ক্যাসিনো পরিচালনায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, এ বিষয়ে পরে বলব। জাপা চেয়ারম্যান বলেন, আগামী ২৮ ডিসেম্বর জাপার কেন্দ্রীয় কাউন্সিল হবে। এর আগে বিভিন্ন জেলা ও উপজেলায় কমিটিগুলোকে ঢেলে সাজানো হবে। তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত যারা মেনে নেবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের আভাস দিয়ে কাদের বলেন, সামনের দিকে গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন করতে হলে যা যা করণীয় করব। সভায় আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক সাহিদুর রহমান টেপা ও সদস্য সচিব সুনীল শুভ রায়।
