গতকাল রবিবার শতাধিক নেতা-কর্মীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ক্যান্টিনে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান। পরে বেলা পৌনে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তারা। এ সময় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাত্কারে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বলে জানান। তিনি দাবি করেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেজন্য ক্যাম্পাসে এসেছি। ’
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘মধুর ক্যান্টিনে আসলে আমাদের জন্য পর্যাপ্ত মতপ্রকাশের জায়গা নেই। এখানে আমাদেরকে উদ্দেশ্য করে নানা ধরনের উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে।’ তিনি বলেন,‘তাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত্ করতে চেয়েছিলাম। তারা সে সৌজন্যতাবোধও দেখায়নি।’
এদিকে ছাত্রদলের মধুর ক্যান্টিনে আসার সংবাদ পূর্ব থেকে প্রচারিত হওয়ায় সতর্ক অবস্থান নেয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এতে মধুর ক্যান্টিনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
ছাত্রদলের আসার খবরে শো-ডাউনের বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা সুষ্ঠু ধারার রাজনীতিতে বিশ্বাসী।’
ক্যাম্পাসে ঢাকা কলেজ ছাত্রলীগ : এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। তারা ঢাকা ডাকসু ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান করে পরে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে।
