জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম। গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন। নাছিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
অপর এক প্রজ্ঞাপনে সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকাকালে গত ৯ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে যান নাছিমা বেগম। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে গত পয়লা জুলাই কাজী রিয়াজুল হকের মেয়াদ শেষ হয়।
