রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরো ৯১৩ কোটি টাকা বরাদ্দ ঘোষণা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪২

মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রাণের ভয়ে কক্সবাজারে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরো ৯১৩ কোটি টাকা (৮৭ মিলিয়ন পাউন্ড) দেবে। ২০১৭ সালের আগস্টে নতুন করে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর কয়েক দফায় সহায়তা দিয়েছিল যুক্তরাজ্য সরকার। নতুন ৮৭ মিলিয়ন পাউন্ডসহ যুক্তরাজ্যের মোট সহায়তা দাঁড়াল ২২৬ মিলিয়ন পাউন্ডে (২ হাজার ৩৭৩ কোটি টাকা)। নতুন ৮৭ মিলিয়ন পাউন্ডের অতিরিক্ত সহায়তা খাদ্য, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, যৌন প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সহায়তা ও কাউন্সিলিং প্রদান এবং অসহায় ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় হবে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন গতকাল রবিবার বিকালে তার বারিধারার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইডয়ের বাংলাদেশ প্রধান জুডিথ হারপর্টসন এ সময়ে উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা সংকটের ফলে কক্সবাজারের স্থানীয় মানুষের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের ওপর যে প্রভাব পড়ছে তা প্রশমন করতে ও জেলার উন্নয়নে নতুন সহায়তার ২০ মিলিয়ন পাউন্ড (২১০ কোটি টাকা) বরাদ্দ রয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠী যে মানবিক সংকটের মুখোমুখি হয়েছে তার সঠিক পরিমাপ করা কঠিন। রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন বাঁচানোর স্বার্থে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা শিবিরের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি হচ্ছে নারী ও কন্যা শিশু।

ব্রিফিংয়ে বলা হয়, যুক্তরাজ্যের নতুন আর্থিক সহায়তা রোহিঙ্গাদের প্রতি আমাদের অঙ্গীকার ব্যক্ত করে।

হাইকমিশনার রবার্ট বলেন, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করা, যেন রোহিঙ্গারা নিরাপদভাবে ও মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে পারে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ অসাধারণ মানবতা ও উদারতা দেখিয়েছে।