পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মারা গেল যুবক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪২

তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন আমেরিকার এক নাগরিক। স্টিভ ওয়েবার ও তার মেয়েবন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত কেবিনে অবস্থান করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। খবর বিবিসির

ওয়েবার ও অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নিচে অবস্থিত কেবিনটির ভাড়া প্রতি রাতে ১ হাজার ৭০০ ডলার। লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পরিধান করে পানির নিচে নেমেছিলেন হাতে একটি চিরকুট নিয়ে। ভিডিওতে দেখা যায়, চিরকুটটির লেখা রুমের ভেতর থেকে ভিডিও করতে থাকা অ্যান্টোয়াইনকে দেখানোর সময় একটি আংটিও বের করেন ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে। ফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লেখেন : ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দুঃখজনক দিনে পরিণত হলো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তানজানিয়ায় মারা যাওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, ওয়েবার বৃহস্পতিবার দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দুর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।