সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৯

সুনামগঞ্জে ভ্যানচালক তরিবউল্লাহ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সুনামাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

রায়ে জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুর নূরকে মৃত্যুদণ্ড এবং শাহনূর মিয়া, ইদ্রিস আলী ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ে বজলুর রহমান ও তানজু মিয়া নামের দুই জনকে খালাস দেন আদালত। রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। 

মামলার রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান ও আসামি পক্ষে অ্যাডভোকেট হুমাইয়ুন মঞ্জুর চৌধুরী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন : ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী রোহিঙ্গা ভোটার বানাতে জড়িত

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের ভ্যানচালক তরিবউল্লাহ ও প্রতিবেশী আব্দুর নূরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে আব্দুর নূর তার লোকজন নিয়ে তরিবউল্লার ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তরিবউল্লাহ গুরুতর আহত হন। 
তাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসরা জন্য নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাবার পথে তরিবউল্লাহ মারা যান।

ঘটনার পর দিন নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় আব্দুর নূর, শাহনূর মিয়া, ইদ্রিস আলী, হাবিবুর রহমান, বজলুর রহমান, তানজু মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার শেষে আদালত আজ এই মামলার রায় ঘোষণা করলেন।

ইত্তেফাক/কেআই