আবারো ছোটপর্দায় ইমন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৩

বিনোদন রিপোর্ট

 

 বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও মাঝে মাঝে অভিনয় করেন ইমন। সাধারণত বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে নাটকে অভিনয় করেন তিনি। তবে এবার বিশেষ দিবসের বাইরে নতুন একটি নাটক করলেন ইমন। ‘গুপ্ত প্রেম’ শিরোনামে নাটকটি শুটিং এরইমধ্যে শেষ করেছেন তিনি। শাহনাজ পারভিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন। ছোটপর্দায় কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ‘নাটক আমার সবসময়ের ভালোবাসার জায়গা। সারাবছর করা সম্ভব হয় না। তবে সুযোগ হলে আমি নাটকে অভিনয় করতে পছন্দ করি। সেই জায়গা থেকেই এই নাটকটি করা। নাটকের গল্পটাও ভালোলাগার মতো।’ ইমন চলতি সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী বছরে সেগুলো একে একে মুক্তি পাবে।