বাংলা রচনা
কঙ্কন সরকার, তত্ত্বাবধায়ক
শিশু বান্ধব বিদ্যা নিকেতন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
কম্পিউটার
সূচনা : কম্পিউটারের শাব্দিক অর্থ হিসাবকারী যন্ত্র। তবে আজ কেবল যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতির মধ্যেই এর কার্যকারিতা সীমাবদ্ধ নয়; বিজ্ঞানী বিশেষজ্ঞ থেকে শুরু করে নিতান্ত সাধারণ মানুষের জীবনে কম্পিউটার একটি প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে।
আবিষ্কার : কম্পিউটার আমাদের কাছে একটি নতুন আবিষ্কার। কিন্তু এর পেছনে বহুকালের বহুজনের অবদান রয়েছে। তবে বৃটিশ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজই হলেন আধুনিক কম্পিউটারের জনক। তবে পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি হয় ১৯৪৬ সালে।
গঠন/কাঠামো : বিভিন্ন শ্রেণীর কম্পিউটার রয়েছে। বর্তমানে ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার ব্যবহূত হচ্ছে। কম্পিউটারের অংশগুলো হচ্ছে: ইনপুট ইউনিট বা সি.পি.ইউ বা সেন্ট্রাল প্রেসেসিং ইউনিট, আউটপুট ইউনিট। ব্যাবেজের কম্পিউটারের গঠন তন্ত্রের ৫টি অংশ হলো- (১) স্টোর (২) মিল (৩) কন্ট্রোল (৪) ইনপুট (৫) আউটপুট। আজকের পরিভাষায় কন্ট্রোল, স্টোর ও মিল কে সম্মিলিত ভাবে বলে ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’ অর্থাত্ ‘কম্পিউটারের মগজ’ অর্থাত্ ‘ইনপুট’ অংশ। যা তথ্য ও নির্দেশ গ্রহণ করে। বাকি হচ্ছে ‘আউটপুট’ যা গণনার ফলাফল প্রকাশ করে। কম্পিউটারে তথ্য ও নির্দেশ প্রবেশ করানোর জন্য বিশেষ ভাষার প্রয়োজন হয় তাকে ‘প্রোগ্রামিং লেঙ্গুয়েজ’ বলে।
ব্যবহার : দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাক্ষেত্র, চিকিত্সা ক্ষেত্র, গবেষণা, মহাকাশ গবেষণা, নানা আবিষ্কার, ভিডিও গেম, দাবা খেলা, রোবট, গান শোনা, আর্ট ডিজাইন, প্রাকৃতিক দুর্যোগ বিশ্লেষণ, নির্মাণ সংক্রান্ত, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার, যানবাহন চালনা ও টিকিট প্রদানসহ বর্তমানে সব খানেই কম্পিউটার ব্যবহূত হয়। কর্মসংস্থানে এক নতুন মাত্রা যোগ করেছে কম্পিউটার। শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারাইজড পদ্ধতি চালানোর জোর প্রচেষ্টা অব্যাহত।
উপকারিতা: কম্পিউটারের উপকারিতা ব্যাপক। আজ কাল এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহার হয়না। যে কোন কাজের সঠিক পরিমাপকতা কম্পিউটার থেকেই পাওয়া সম্ভব। এছাড়াও এর ব্যবহারে সময় ও অর্থের সাশ্রয় ঘটে।
ক্ষতি : কখনো কখনো ব্যবহারের তারতম্যে কম্পিউটার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীরা লেখা-পড়া ছেড়ে কম্পিউটারে সময় নষ্ট করে। এছাড়াও কম্পিউটারের আলোক রশ্মি চোখের ক্ষতি করে।
উপসংহার : কম্পিউটার আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক বিস্ময়কর অবদান। তবে ব্যবহারের পার্থক্যে কখনও কখনও ক্ষতির কারণ হয়ে দাঁড়ালেও সব মিলিয়ে কম্পিউটার আধুনিক জীবনে শুভ পরিবর্তন এনেছে। সবার জীবনে কম্পিউটার যেন অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে আজ।
