স্বাদে ভিন্নতা আনার ইচ্ছে থাকে সব রাঁধুনির। বিশেষ করে উত্সব-পার্বণে এই ইচ্ছের জোর বেড়ে যায়। বাংলাদেশের অঞ্চলভিত্তিক রেসিপিগুলো যেমন বৈচিত্র্যপূর্ণ, তেমনি স্বাদে অনন্য। পূজা উপলক্ষে তেমন কিছু রেসিপি নিয়ে রইল এ আয়োজন। রেসিপি ও ছবি দিয়েছেন আলভী রহমান শোভন
নারিকেলি ঢেঁড়স
(নোয়াখালি)
উপকরণ :ঢেঁড়স ২৫০ গ্রাম, সরষে বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, নারিকেল বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, নারিকেল কুঁচি সাজানোর জন্য।
প্রণালি :ঢেঁড়স ধুয়ে পানি ঝরিয়ে লম্বা লম্বা করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে নিন। প্যানে তেল গরম করে সরষে বাটা, মরিচ বাটা ও অল্প পানি দিয়ে কষিয়ে হলুদ, লবণ, নারিকেল বাটা দিন। তেল ওপরে উঠলে আস্তে আস্তে ঢেঁড়স বিছিয়ে দিন। এরপর অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে নারিকেল কুঁচি দিয়ে সাজিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
দমদার সরষে ইলিশ (কুষ্টিয়া)
উপকরণ :ইলিশ মাছ ৮ টুকরো, সরষে বাটা ১/৪ কাপ, নারিকেল বাটা ৪ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টকদই ১/২ কাপ, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, সরষের তেল ১/৪ কাপ।
প্রণালি :সরষের তেল বাদে বাকি সব উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিন। প্যানে মসলা মাখা মাছের সঙ্গে সামান্য পানি যুক্ত করে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। পানি কিছুটা শুকিয়ে মাখামাখা হয়ে এলে সরষে তেল ছড়িয়ে পরিবেশন করুন।
পটলের দোলমা (সিরাজগঞ্জ)
উপকরণ :পটল ৬টা, চিংড়ি ২৫০ গ্রাম, আলু সিদ্ধ ১টা, নারিকেল কোরা ১/৪ কাপ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, সরিষা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পোস্তবাটা ২ টেবিল চামচ লবণ, স্বাদমতো, সরিষার তেল ১/২ কাপ।
প্রণালি :পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। দু পাশের ছুঁচালো মুখ কেটে মাঝ বরাবর ফেড়ে নিয়ে ভেতর থেকে বিচি বের করে নিন। প্যানে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ, হলুদ, আলু, নারকেল, পটলের বিচি, সরিষা বাটা, পোস্ত বাটা, মরিচ গুঁড়া দিয়ে একসঙ্গে ভালো করে মাখা মাখা করে ভেজে নিন। এবার মিশ্রণটি চামচে নিয়ে পটলের ভেতর পুরে দিন। এবার প্যানে তেল দিয়ে পটল ভেজে তুলুন। এবারে অন্য প্যানে তেল গরম করে অবশিষ্ট মসলা দিয়ে ভুনে নিন। ভুনা মসলায় সামান্য পানি দিয়ে ভাজা পটল দিন। হালকা আঁচে ১০ মিনিট রান্না করুন।
টমেটোয় মাখা পনির (ময়মনসিংহ)
উপকরণ :পনির ৫০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি ১/২ চা চামচ, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো, ঘি ১/২ কাপ।
প্রণালি :প্যানে তেল গরম করে পনির হালকা বাদামি করে ভেজে নিন। গোটা টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে ছেঁকে নিন। প্যানে ঘি গরম করে টমেটোর ক্বাথ দিন। বলক উঠলে মরিচ বাটা, হলুদ গুঁড়া, চিনি ও লবণ দিন। ভাজা পনিরগুলো দিয়ে দিন। হালকা আঁচে ১০ মিনিট রান্না করুন। ভাত অথবা লুচির সঙ্গে পরিবেশন করুন।
