কুমিল্লা প্রতিনিধি
রাজস্ব বৃদ্ধিসহ রাজস্ববান্ধব পরিবেশ তৈরির জন্য কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড)-এর শিল্পপ্রতিষ্ঠানসমূহের ২৯ জন ঊর্ধ্বতন কর্মাধ্যক্ষ ও হিসাব নির্বাহী কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা কর কমিশনারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার এম এম ফজলুল হকের সভাপতিত্বে ঐ সভায় আয়কর আইন, ২০১৯-এর পরিবর্তনসমূহ এবং শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন খাতে উেস কর কর্তন নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায় ও যুগ্মকর কমিশনার মোহাম্মদ শাহ আলমসহ কুমিল্লা ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন। কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার এম এম ফজলুল হক জানান, রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত ২০ কার্যদিবসে কর অঞ্চল কুমিল্লার অধিভুক্ত ছয়টি জেলার কর্মকর্তাদের অংশগ্রহণে তিনটি রাজস্ব সভা, প্রথমবারের মতো কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত মাসিক প্রশিক্ষণ, ছয়টি জেলার কর পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, পাঁচটি জেলার কর ভবন কমপ্লেক্স নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজস্ব বৃদ্ধিসহ রাজস্ব বান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে উদ্বুদ্ধকরণে বেশ কিছু পদক্ষেপের কারণে রাজস্ব কার্যক্রমেও গতিশীলতা বৃদ্ধি হয়েছে।
